Chhatrashibir mourns Salauddin’s death, demands trial of those responsible for the attack in Gaibandha
গাইবান্ধায় বিএনপি ও যুবদল সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ছাত্রশিবিরের সাবেক কর্মী ও বর্তমানে জামায়াতের স্থানীয় কর্মী সালাউদ্দিন দীর্ঘ ৪৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ ৮ আগস্ট (শনিবার) সকাল ৭টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। একই সঙ্গে নেতৃবৃন্দ এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিষ্পত্তির দাবি জানিয়েছেন।
আজ শনিবার এক যৌথ শোকবার্তায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “গত ২১ জুন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের হামলায় সালাউদ্দিন গুরুতর আহত হন। দীর্ঘ ৪৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ তিনি ইন্তেকাল করেন। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একই ঘটনায় হামলার দিন বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী শহীদ হন।”
নেতৃবৃন্দ বলেন, “ক্ষমতায় এসে বিএনপি জাতির ঘাড়ে আরেকটি দানব হিসেবে চেপে বসেছে। বিরোধী মতের ওপর হামলা, হত্যা, লুটপাট ও চাঁদাবাজি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এমনকি নিজেদের দলের নেতাকর্মীরাও তাদের সহিংসতার হাত থেকে রেহাই পাচ্ছেন না। গাইবান্ধায় সালাউদ্দিনের ওপর হামলা ও পরবর্তী সময়ে তাঁর মৃত্যু বিএনপি-যুবদলের সেই সন্ত্রাসী রাজনীতিরই নির্মম বহিঃপ্রকাশ। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলা ও হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের দ্রুত বিচার নিষ্পত্তি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”
নেতৃবৃন্দ মরহুম সালাউদ্দিনের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর শাহাদাতের মর্যাদা কামনা করে দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।