সদস্য
ধারা-৪ : একজন শিক্ষার্থী যদি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যকে তাঁর জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেন, এ সংগঠনের কর্মসূচি ও কর্মপদ্ধতির সাথে পূর্ণ ঐকমত্য পোষণ করেন ও তা বাস্তবায়নের প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, এ সংগঠনের সংবিধানকে সম্পূর্ণরূপে মেনে চলেন, তাঁর জীবনে ইসলাম নির্ধারিত ফরজ ও ওয়াজিবসমূহ যথাযথভাবে পালন করেন, কবিরা গোনাহসমূহ থেকে দূরে থাকেন এবং সংগঠনের লক্ষ্য ও কর্মসূচির বিপরীত কোন সংস্থার সঙ্গে কোন সম্পর্ক না রাখেন, তাহলে তিনি এই সংগঠনের সদস্যপদ লাভ করতে পারেন।
ধারা-৫ : সদস্যপদ লাভে ইচ্ছুক কোনো শিক্ষার্থী কেন্দ্রীয় সভাপতি থেকে নির্ধারিত ফরম সংগ্রহপূর্বক তা যথাযথভাবে পূরণ করে কার্যকরী পরিষদ কর্তৃক অনুমোদিত পন্থায় কেন্দ্রীয় সভাপতির কাছে পাঠিয়ে দেবেন। কেন্দ্রীয় সভাপতি তা মঞ্জুর করবেন এবং তাঁর সদস্য পদের শপথ নেয়ার ব্যবস্থা করবেন। মঞ্জুর না করলে তার কারণ কার্যকরী পরিষদের কাছে ব্যাখ্যা করতে বাধ্য থাকবেন।
ধারা-৬ : কোন সদস্য যদি সংবিধানের ৪ নম্বর ধারায় বর্ণিত বিষয়সমূহ আংশিক বা পূর্ণভাবে লঙ্ঘন করেন অথবা সদস্য হওয়াকালীন প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেন অথবা সংগঠনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন অথবা তাঁকে সংশোধনের প্রচেষ্টা সত্ত্বেও দীর্ঘদিন পর্যন্ত সংগঠনের কাজে অবহেলা করে চলেন, তাহলে কার্যকরী পরিষদকর্তৃক গৃহীত পন্থায় তাঁর সদস্যপদ বাতিল করা হবে।
ধারা-৭ : যদি কোন সদস্য তাঁর সদস্যপদ থেকে ইস্তফা দিতে চান তাহলে তাঁকে কেন্দ্রীয় সভাপতির কাছে পদত্যাগপত্র পেশ করতে হবে। কেন্দ্রীয় সভাপতি তাঁর পদত্যাগপত্র পাওয়ার সাথে সাথে তাঁর সদস্যপদ মুলতুবি হয়ে যাবে এবং কেন্দ্রীয় সভাপতির অনুমোদনের পরপরই তাঁর সদস্যপদ বাতিল হয়ে যাবে।
ধারা-৮ : কোনো সদস্যের ছাত্রজীবন সমাপ্ত হলে তাঁর পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর কেন্দ্রীয় সভাপতির অনুমোদনক্রমে তাঁর সদস্যপদের পরিসমাপ্তি ঘটবে ।
সাথী
ধারা-৯ : যদি কোনো শিক্ষার্থী সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে ঐকমত্য পোষণ করেন, এ সংগঠনের কর্মসূচি ও কর্মপদ্ধতির সাথে সচেতনভাবে একমত হন, ইসলামের প্রাথমিক দায়িত্বসমূহ পালন করেন এবং সংগঠনের সামগ্রিক তৎপরতায় পূর্ণভাবে সহায়তা করতে প্রতিশ্রুতি দেন, তাহলে তিনি এ সংগঠনের সাথী হতে পারেন।
ধারা-১০ : সাথী হতে ইচ্ছুক কোন শিক্ষার্থী কেন্দ্রীয় সংগঠন কর্তৃক নির্ধারিত সাথী হওয়ার আবেনদপত্র পূরণ করে তা কেন্দ্রীয় সভাপতি অথবা তাঁর কোনো স্থানীয় প্রতিনিধির কাছে জমা দেবেন। কেন্দ্রীয় সভাপতি বা তাঁর স্থানীয় প্রতিনিধি সে আবেদনপত্র মঞ্জুর করে নেবেন এবং শপথের ব্যবস্থা করবেন।
ধারা-১১ : যদি কোনো সাথী সংবিধানের ৯ নম্বর ধারায় বর্ণিত নিয়মসমূহ আংশিক বা পূর্ণভাবে লঙ্ঘন করেন, তাহলে কেন্দ্রীয় সভাপতি বা তাঁর স্থানীয় প্রতিনিধি উক্ত সাথীর সাথীপদ বাতিল করতে পারবেন।