রাজধানীর উত্তরায় ফ্যাসিস্ট হাসিনার পেটুয়া বাহিনী পুলিশের গুলিতে নিহত হয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী জাহিদুজ্জামান তানভীন (২৫)। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি ঝোঁক ছিল মেধাবী জাহিদুজ্জামান তানভীনের। লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়ালেখাটাও তিনি মন দিয়ে করেছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই বোর্ড পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছেন। কলেজের গণ্ডি পেরিয়ে তানভীন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল অ্যান্ড প্রডাকশন বিভাগে ভর্তি হন। উক্ত বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয় জীবনেও শুরু থেকেই রেখেছেন প্রতিভার স্বাক্ষর। প্রথম ও দ্বিতীয় বর্ষে থাকাকালীন বুয়েট আয়োজিত “মডেল শিপ প্রোপালশন কম্পিটিশন” ও “সকার বট কম্পিটিশন”-এ অংশ নিয়ে হাতে তোলেন পুরস্কার।
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছিল তানভীনের পদচারণা। যুক্তরাজ্যভিত্তিক ইনস্টিটিউশন অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আয়োজিত ইউএএস এয়ারক্রাফট সিস্টেম প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হন। ওই প্রতিযোগিতার ছয়টি পুরস্কারের মধ্যে তিনটিই তানভীন ও তার দল জয় পেয়েছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নাসা আয়োজিত ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিশ্বে দশম এবং এশিয়ার মধ্যে প্রথম স্থান অর্জন করেন তানভীনের দল।
যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তরে পড়তে যাওয়ার চেষ্টা করছিলেন। জাহিদুজ্জামানের স্নাতক শেষ হয়েছিল ২০২২ সালে। তিন বন্ধুকে নিয়ে ‘অ্যান্ট’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তারা ড্রোন দিয়ে জরিপের কাজ করতেন। পাশাপাশি অনলাইনে ড্রোন বিক্রি করতেন। জাহিদুজ্জামান তানভীন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ভাবে অংশ নেন।
একমাত্র বোন জেসিকা জামান আয়েশা যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর করছেন। জাহিদুজ্জামান তানভীনের গৃহিনী মা বিলকিস জামান ও চাকরিজীবী বাবা মো. শামসুজ্জামানকে নিয়ে থাকতেন উত্তরা আজমপুর কাঁচাবাজার জামতলার ভাড়া বাড়িতে। পরিবারের দাবি, আজমপুর এটিএম বুথ থেকে টাকা তুলতে জাহিদুজ্জামান ১৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাসা থেকে বের হন। দ্রুতই ফিরে আসবেন বলে তাঁর মাকে জানিয়েছিলেন। কিন্তু আধা ঘণ্টা পর এক শিক্ষার্থী ফোন করে জানান, তানভীন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ১৮ জুলাই সাধারণ ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে উত্তরায় ঘাতক যুবলীগের সন্ত্রাস বাহিনী বা স্বৈরাচারের পুলিশের নিক্ষিপ্ত বুলেট তার গলায় বিদ্ধ হয়। বুকে বিদ্ধ হয় ছররা গুলি। কুয়েত মৈত্রী হাসপাতালে নিলে ডাক্তার মেধাবী এই তরুণকে মৃত ঘোষণা করেন। তানভীনের লাশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এক নজরে শহীদ জাহিদুজ্জামান তানভীনঃ
নাম: জাহিদুজ্জামান তানভীন
পিতা: মো: সামসুজ্জামান
জন্ম তারিখ: ১৩ অক্টোবর ১৯৯৮
বোন: একমাত্র বোন
স্থায়ী ঠিকানা: গ্রাম: ভিটি-বিশারা, ইউনিয়ন: রতনপুর, থানা: নবীনগর, জেলা : ব্রাহ্মণবাড়িয়া
ঘটনার স্থান : আজমপুর
পেশা: শিক্ষার্থী ও আন্দোলনকর্মী
শাহাদাতের তারিখ: ১৮ জুলাই ২০২৪
শাহাদাতের কারণ: কোটা সংস্কার আন্দোলনে পুলিশ বা যুবলীগের গুলিতে নিহত
শাহাদাতের স্থান: কুয়েত মৈত্রী হাসপাতালে
সমাধিস্থল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে